অভিনেতা রণজয় বিষ্ণুর ব্যক্তিগত জীবন নিয়ে গত কয়েকদিন ধরেই নানা জল্পনা চলছে। তার মধ্যেই শুটিং ফ্লোর থেকে এল তাঁর অসুস্থ হয়ে পড়ার খবর। বর্তমানে তিনি প্রতিজ্ঞা ধারাবাহিকে অভিনয় করছেন। শুক্রবার সেই ধারাবাহিকের শুটিং চলছিল এবং নির্ধারিত সময়েই সেটে পৌঁছে যান অভিনেতা। তবে কাজের মাঝেই আচমকা শারীরিক অসুস্থতা অনুভব করেন তিনি। খবর সামনে আসতেই অনুরাগীদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
সূত্রের খবর, শুটিং চলাকালীন লিফটের মধ্যে হঠাৎ মাথা ঘুরে যায় রণজয়ের। সঙ্গে সঙ্গে ইউনিটের সদস্যরা তাঁকে বসিয়ে জল খাওয়ান এবং কিছুক্ষণ বিশ্রামের ব্যবস্থা করেন। এরপর বেশ কিছু সময় বিশ্রাম নেওয়ার পর তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্বাভাবিক হয়। জানা গিয়েছে, আগের রাত থেকেই তিনি মানসিক উদ্বেগের মধ্যে ছিলেন। সেই কারণেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আপাতত ধারাবাহিকের পক্ষ থেকে তাঁকে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, রণজয়ের ব্যক্তিগত জীবন নিয়েও টলিপাড়ায় জোর চর্চা চলছে। অভিনেত্রী তথা তাঁর স্ত্রী শ্যামৌপ্তি মুদলির সঙ্গে সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে বলেই ইন্ডাস্ট্রির একাংশে আলোচনা। এমনও শোনা যাচ্ছে, বিয়ের কিছুদিন পর থেকেই নাকি তাঁরা আলাদা থাকছেন। যদিও এই বিচ্ছেদের জল্পনা নিয়ে শ্যামৌপ্তি প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। পাশাপাশি গুঞ্জন রয়েছে, অভিনেত্রীর জীবনে নাকি অন্য একজনের আগমন ঘটেছে। যদিও এই বিষয়ে এখনও কোনও পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে রণজয়কে নিয়েও নতুন করে নানা আলোচনা শুরু হয়েছে। টলিপাড়ার অন্দরমহলে শোনা যাচ্ছে, তাঁর সহ অভিনেত্রী অভীকা মালাকারের সঙ্গে নাকি ঘনিষ্ঠতা বেড়েছে। শুধু শুটিং সেটেই নয়, পর্দার বাইরেও তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হলেও, অভিনেতা নিজেই সেই সমস্ত গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই ধরনের খবরের সঙ্গে বাস্তবের কোনও মিল নেই।
এই প্রসঙ্গে আজকাল ডট ইন-কে দেওয়া সাক্ষাৎকারে রণজয় বলেন, “আমি যদি প্রেম করতাম, তাহলে নিশ্চয়ই লুকিয়ে করতাম। সহ অভিনেত্রীর সঙ্গে প্রেম করলে সেটা আমি কীভাবে জনসমক্ষে তুলে ধরব? এটা শুধুমাত্র ধারাবাহিকের প্রচারের খাতিরে করা। আমি প্রেম করলে প্রেমিকার সঙ্গে ছবি দিয়ে প্রচারের আলোয় মোটেই আসব না।” তাঁর এই বক্তব্য সামনে আসার পর সম্পর্ক নিয়ে জল্পনা আরও একবার নতুন করে আলোচনায় উঠে এসেছে। তবে আপাতত অসুস্থতা কাটিয়ে দ্রুত সুস্থ হয়ে শুটিংয়ে ফিরবেন বলেই আশাবাদী তাঁর অনুরাগীরা।
