জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“সম্রাটকে ছেড়ে কী করে বাপের বাড়ি যাবে?” “বাপের বাড়িতেও কি শান্তি আছে?” “এই দুই দাদার কাছে ফিরবে ঝিনুক?” বোকামি নয়, অসহায়তা! ঝিনুক কেন সম্রাটকে ছেড়ে যেতে পারে না, বুঝিয়ে দিলেন দর্শকরা!

জি বাংলার ‘কমলা নিবাস’ (kamala nibas) ধারাবাহিকে সম্রাট ও ঝিনুকের সম্পর্ক নিয়ে দর্শকদের আলোচনা যেন থামছেই না। সাম্প্রতিক পর্বে সম্রাটের আচরণ দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, এত কষ্ট পাওয়ার পরেও ঝিনুক কেন তাকে ছেড়ে চলে যায় না? সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ সরাসরি বলছেন, ঝিনুকের উচিত সম্রাটকে ছেড়ে নিজের বাপের বাড়িতে ফিরে যাওয়া। তবে ধারাবাহিকের সাম্প্রতিক ঘটনাগুলি দেখে আবার অনেক দর্শকই ঝিনুকের পরিস্থিতিটা অন্যভাবে বিচার করছেন।

তাঁদের বক্তব্য, ঝিনুক বাপের বাড়িতে ফিরলেও কি সত্যিই শান্তিতে থাকতে পারবে? পরিবারের দুই দাদার আচরণও সেই প্রশ্ন তুলে দিচ্ছে। শানু তুলনামূলকভাবে শান্ত হলেও সমরের ব্যবহারে বারবার অস্বস্তি প্রকাশ করেছেন দর্শকরা। পল্লবীর চাকরি থাকা সত্ত্বেও তাকে নানা কথা শুনতে হয়, এমনকি বিয়ে না হওয়া নিয়েও কটাক্ষের মুখে পড়তে হয়। তাই ঝিনুক বাড়িতে ফিরে গেলে তাকেও যে একই পরিস্থিতির মধ্যে পড়তে হবে না, সেই নিশ্চয়তা কোথায়?

একদিকে বাপের বাড়িতে সম্ভাব্য অপমান আর অন্যদিকে সম্রাটের সঙ্গে জটিল সম্পর্ক, এই দুই পরিস্থিতির মাঝেই যেন আটকে রয়েছে ঝিনুক। সম্প্রতি জন্মদিনের অনুষ্ঠানে গান গাওয়াকে কেন্দ্র করে সম্রাট ঝিনুককে গভীর রাতে ঘুম থেকে তুলে বারবার গান গাইতে বাধ্য করে। পরে ঝিনুক বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে সম্রাট কান্নায় ভেঙে পড়ে এবং তাকে ছেড়ে গেলে নিজের ক্ষতি করার কথাও বলে। সেই ঘটনার পরও শেষ পর্যন্ত সম্রাটের কান্না দেখে ঝিনুকের মন গলে যায়।

দর্শকদের একাংশের মতে, সম্রাটের আচরণে যতই রাগ, অভিমান আর বাড়াবাড়ি থাকুক, ঝিনুকের প্রতি তার ভালোবাসার বিষয়টিও অস্বীকার করা যায় না। সে ভুল করে, ঝিনুককে কষ্ট দেয়, আবার সেই কষ্টের কথা বুঝতে পেরে নিজেও ভেঙে পড়ে। আর হয়তো এই ভালোবাসা এবং আবেগের টানই ঝিনুককে বারবার সম্রাটের কাছে ফিরিয়ে আনে। নিজের বাড়িতে গিয়েও যদি প্রতিদিন অপমান সহ্য করতে হয়, তাহলে সম্রাটের সঙ্গে থেকে কষ্ট সহ্য করাটাই হয়তো তার কাছে তুলনামূলকভাবে সহজ মনে হচ্ছে।

তাই ঝিনুকের সিদ্ধান্তকে শুধুই বোকামি বলে উড়িয়ে দিতে নারাজ দর্শকদের একাংশ। তাদের মতে, বাইরে থেকে দাঁড়িয়ে একটি সম্পর্ককে বিচার করা সহজ হলেও সেই সম্পর্কের ভিতরে থাকা মানুষের পরিস্থিতি বোঝা অনেক কঠিন। ঝিনুককে শুধু নিজের ভবিষ্যৎ নয়, মা বাবার সম্মান, তাদের মানসিক শান্তি এবং পরিবারের অবস্থার কথাও ভাবতে হয়। সেই কারণেই হয়তো বারবার কষ্ট পেলেও সম্রাটকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে ঝিনুক, আর ‘কমলা নিবাস’-এর এই জটিল সম্পর্ক নিয়েই নতুন করে শুরু হয়েছে দর্শকদের আলোচনা।

Piya Chanda

                 

You cannot copy content of this page