অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর কয়েক মাস কেটে গেলেও শোক কাটিয়ে উঠতে পারেননি তাঁর মা। সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, এখনও ছেলেকে হারানোর যন্ত্রণা প্রতিদিন তাঁকে তাড়া করে বেড়ায়। দীর্ঘদিন বাড়ির মধ্যেই নিজেকে গুটিয়ে রেখেছিলেন, তবে এখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন।
তিনি জানান, চারপাশের মানুষ এবং পরিচিতদের উৎসাহেই মাঝে মধ্যে বাড়ির বাইরে বেরোচ্ছেন। মন ভালো রাখার জন্য বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার চেষ্টা করছেন বটে, কিন্তু ছেলের অভাব কোনওভাবেই ভুলতে পারছেন না। তাঁর কথায়, এই শূন্যতা সারাজীবনই সঙ্গে থাকবে।
রাহুলের প্রাক্তন স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও তাঁর পাশে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন তিনি। নিয়মিত খোঁজখবর নেওয়ার পাশাপাশি বাইরে বেরিয়ে কিছুটা সময় কাটানোর পরামর্শও দিচ্ছেন প্রিয়াঙ্কা। টলিপাড়ার আরও অনেকেই এই কঠিন সময়ে তাঁর পাশে রয়েছেন।
গত মার্চ মাসে ওড়িশার তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার পর থেকেই পরিবারে নেমে আসে শোকের ছায়া। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্তও শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ জন্মদিনে ফুলের তোড়া, কেক আর ভিডিও কলে বিশেষ মুহূর্ত ঘিরে প্রেমের গুঞ্জনে সিলমোহর! ডান্স বাংলা ডান্স খ্যাত ডোনা দেবনাথের সঙ্গে সম্পর্কে আছেন ‘জোয়ার ভাঁটা’র ঋষি? বিয়ে কবে? অবশেষে মুখ খুললেন অভিষেক বীর শর্মা!
আগামী অগস্ট মাসে বড় ছেলে অনির্বাণের কাছে কিছুদিন থাকার পরিকল্পনা রয়েছে রাহুলের মায়ের। তবে কলকাতা ছেড়ে স্থায়ীভাবে কোথাও যেতে চান না তিনি। এখানকার মানুষজন, পরিচিত পরিবেশ এবং ছেলের স্মৃতিই তাঁকে এখনও এই শহরের সঙ্গে বেঁধে রেখেছে।
