জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

[rank_math_breadcrumb]

EntertainmentTollywood

“ওই পথে হাঁটার ইচ্ছে নেই, বিয়ে নিয়ে আমার ভীষণ ভয়!” জন্মদিনে প্রতিজ্ঞাবদ্ধ শ্রীমা ভট্টাচার্য! অভিনেত্রীর হৃদয়ের দরজা একেবারে বন্ধ? এখন রিলেশনশিপ স্ট্যাটাস কী তাঁর?

কাজই এখন জীবনের প্রথম অগ্রাধিকার, স্পষ্ট জানিয়ে দিলেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। ছোটপর্দা থেকে বড়পর্দার দিকে ধীরে ধীরে নিজের পথ তৈরি করছেন তিনি, আর সেই যাত্রাপথেই এসে গেল তাঁর জন্মদিন। ২৬ ফেব্রুয়ারি বিশেষ দিনটি ঘিরে তাই আলাদা উচ্ছ্বাস থাকলেও, ব্যক্তিগত জীবনের চেয়ে কাজ এবং নিজের উন্নতিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন শ্রীমা। সম্প্রতি একান্ত আলাপচারিতায় অভিনেত্রী জানালেন, এই মুহূর্তে তিনি সম্পর্ক বা বিয়ে নিয়ে ভাবতে একেবারেই আগ্রহী নন। বরং নিজের স্বপ্ন আর ক্যারিয়ার গড়ার দিকেই তাঁর সম্পূর্ণ মনোযোগ।

জন্মদিন মানেই শ্রীমার কাছে কিছু চেনা ভাললাগার মুহূর্ত। সকালে পুজো দেওয়া দিয়ে দিন শুরু হবে, আর থাকবে তাঁর প্রিয় পায়েস আর লুচি। অভিনেত্রীর কথায়, মা আগের দিনই পায়েস বানিয়ে রাখেন, আর ঠান্ডা পায়েসের সঙ্গে গরম লুচি খেলে তাঁর মন ভরে যায়। এ বছরও সেই রীতি ভাঙছে না। তবে এ বারের জন্মদিনে রয়েছে আরও একটি বিশেষ সংযোজন। তাঁর নতুন ছবির বিশেষ প্রদর্শনী রয়েছে সেই দিনেই। ফলে কাজ আর উদযাপন মিলেমিশে একাকার হয়ে যাবে তাঁর জন্য।

নিজের ভেতরে কিছু পরিবর্তন আনার কথাও অকপটে স্বীকার করেছেন শ্রীমা। তিনি নিজেকে খুব আবেগপ্রবণ মানুষ বলেই মনে করেন। তাই আবেগ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন এ বছর। পাশাপাশি শরীরচর্চায় আরও মন দিতে চান। কিছুদিন আগে রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় ভুগতে হয়েছিল তাঁকে। সেই অভিজ্ঞতার পর বুঝেছেন, শরীর ঠিক না থাকলে কোনও কাজই ঠিকভাবে করা যায় না। তাই এই বছর নিজের স্বাস্থ্যকেই সবচেয়ে বড় উপহার হিসেবে নিতে চাইছেন তিনি।

তবে ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ উঠতেই একেবারে সোজাসাপ্টা জবাব দিলেন অভিনেত্রী। তাঁর কথায়, তিনি হ্যাপিলি সিঙ্গল এবং বিয়ে বিষয়টা নিয়ে খানিক ভয় পান। চারদিকে এত নেতিবাচক খবর শোনা যায় যে এই মুহূর্তে সে পথে হাঁটার ইচ্ছেই নেই। নিজের মতো করে ঘুরতে যাওয়া, গঙ্গার ঘাটে সময় কাটানো কিংবা হঠাৎ কোথাও বেরিয়ে পড়া এই স্বাধীনতাই এখন তাঁর কাছে সবচেয়ে মূল্যবান। কোনও বাধা ছাড়া নিজের জীবনকে উপভোগ করছেন তিনি।

ছোটপর্দায় জনপ্রিয়তা পাওয়ার পর এখন বড়পর্দায় একাধিক কাজ রয়েছে তাঁর ঝুলিতে। তবে টেলিভিশনে আর দেখা যাবে না এমন সিদ্ধান্ত এখনই নিচ্ছেন না শ্রীমা। আগামী দিনের কাজ এবং সময়ের উপরেই সব নির্ভর করছে। আপাতত নিজের লক্ষ্য পরিষ্কার। কাজ, আত্মউন্নয়ন আর স্বাধীন জীবনযাপন এই তিনেই খুঁজে পাচ্ছেন সুখ। জন্মদিনে তাই নতুন সম্পর্ক নয়, বরং নতুন স্বপ্ন আর নতুন দৃঢ়তা নিয়েই পথ চলা শুরু করলেন অভিনেত্রী।

Piya Chanda

                 

You cannot copy content of this page