সোশ্যাল মিডিয়ার দৌলতে গত কয়েকদিন ধরেই সবার নজরে এসেছে ডান্স বাংলা ডান্স খ্যাত ছোট্ট প্রতিযোগী রোদ্দুর চট্টোপাধ্যায়ের অসুস্থতার খবর। মাত্র পাঁচ বছরের এই শিশুটি বর্তমানে হাসপাতালের বেডে শুয়ে জীবনযুদ্ধ লড়ছে। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা থেকে শুরু করে টেলিভিশন জগতের বহু পরিচিত মুখ। গতকাল অভিনেতা অঙ্কুশ হাজরা রোদ্দুরকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। এবার সেই তালিকায় যোগ হল আর এক জনপ্রিয় অভিনেতার নাম। রোদ্দুরকে সাহস জোগাতে হাসপাতালে পৌঁছে গেলেন অভিনেতা জীতু কমল।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে শুয়ে রয়েছে ছোট্ট রোদ্দুর। তার পাশে দাঁড়িয়ে তাকে সাহস দিচ্ছেন জীতু কমল। ছবিটি দেখে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। জানা গেছে শুধু খোঁজখবর নিতেই নয়, রোদ্দুরের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন অভিনেতা। এমন কঠিন সময়ে পরিবারের মানসিক শক্তি বাড়িয়ে তোলার জন্য তিনি তাদের সঙ্গে কথা বলেন এবং ছোট্ট রোদ্দুরকে দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য উৎসাহ দেন।
এই পোস্টের মাধ্যমে আবারও সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে যাতে সবাই মিলে রোদ্দুরের পাশে দাঁড়ান। তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তার কথাও তুলে ধরা হয়েছে। পোস্টে ব্যাংকের সমস্ত তথ্য শেয়ার করে অনুরোধ করা হয়েছে যে যার যতটা সম্ভব সাহায্য করে এই ছোট্ট প্রাণটিকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে এগিয়ে আসুন। অনেকেই ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং আরও অনেকে পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন।
গতকাল অঙ্কুশ হাজরা জানিয়েছিলেন যে তিনি প্রথমে জি বাংলার তরফ থেকেই রোদ্দুরের অসুস্থতার খবর পান। এরপর তিনি ভিডিও কলের মাধ্যমে রোদ্দুরের সঙ্গে কথা বলেন। ফোনে প্রিয় অভিনেতাকে দেখে ছোট্ট রোদ্দুর যখন সরাসরি দেখা করার ইচ্ছা প্রকাশ করে তখন আবেগ সামলাতে পারেননি অঙ্কুশ। তাই আর দেরি না করে তিনি হাসপাতালে গিয়ে রোদ্দুরের সঙ্গে দেখা করেন এবং তাকে দ্রুত সুস্থ হয়ে ওঠার সাহস জোগান।
আরও পড়ুনঃ প্রথম ছবিতেই ভেনিস চলচ্চিত্র উৎসবে জিতে নিয়েছিলেন সেরা পরিচালকের পুরস্কার! বিরাট সাফল্যের পর বাংলায় ছবি করছেন অনুপর্ণা রায়! নায়িকা হিসেবে বেছে নিলেন কাকে?
রোদ্দুরের মায়ের কথায় গত কয়েকদিন ধরে ছেলেটির জ্বর আসছিল। প্রথমে বিষয়টি সাধারণ ভাইরাল জ্বর বলেই মনে হয়েছিল। কিন্তু জ্বর না কমায় চিকিৎসকদের পরামর্শে বিভিন্ন পরীক্ষা করা হয়। তখনই ধরা পড়ে তার ফুসফুসের একটি অংশে সংক্রমণ হয়েছে। এরপরই দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যেই ডান্স বাংলা ডান্স অনুষ্ঠানের পুরো টিম রোদ্দুরের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং পাশে থাকার আশ্বাস দিয়েছে। এখন পরিবারের একটাই প্রার্থনা, ছোট্ট রোদ্দুর যেন দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে।
