সম্প্রতি কলকাতায় একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক অনুপর্ণা রায়। গত বছর ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসবে তিনি বড় সাফল্য অর্জন করেন। তাঁর পরিচালিত ছবি সংস অফ ফরগটেন ট্রিজ এর জন্য অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের সম্মান পান তিনি। ফরাসি পরিচালক জুলিয়া ডুকুরনোর হাত থেকে সেই পুরস্কার গ্রহণ করেছিলেন পুরুলিয়ার নপাড়ার এই কন্যা। আন্তর্জাতিক মঞ্চে এমন সম্মান পাওয়া সাম্প্রতিক সময়ে ভারতীয় সিনেমার জন্য অত্যন্ত গর্বের বিষয় বলেই মনে করছেন অনেকেই।
ছোট শহর থেকে উঠে এসে বিশ্বমঞ্চে নিজের জায়গা তৈরি করা অনুপর্ণা রায়ের গল্প অনেকের কাছেই অনুপ্রেরণার। সিনেমার প্রতি গভীর ভালোবাসার টানেই একসময় তিনি নিজের ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিলেন। বর্তমানে তিনি মুম্বইয়ে থাকেন এবং সেখানেই কাজ করছেন। তবে তাঁর এই সাফল্যের পর থেকেই একটি প্রশ্ন ঘুরছে সিনেমাপ্রেমীদের মনে। বাংলার মেয়ে হয়েও কি তিনি বাংলা ছবিতে কাজ করবেন না। কলকাতায় আসার পর সেই প্রশ্ন আরও জোরালো হয়েছে।
এই সফরের সময়ই একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎ হয়েছে বলে জানা যাচ্ছে। অনুষ্ঠান শেষে অনুপর্ণা রায়ের সঙ্গে দেখা করেন ক্যালাইডোস্কোপ প্রযোজনা সংস্থার কর্ণধার সমীরণ দাস। সেই সাক্ষাতে উপস্থিত ছিলেন অভিনেত্রী পাওলি দামও। সোশ্যাল মিডিয়ায় তাঁদের একসঙ্গে তোলা ছবি ইতিমধ্যেই ঘুরছে। সমীরণ দাস নিজের পোস্টে অনুপর্ণার সঙ্গে ভবিষ্যতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। সেই সূত্রেই জল্পনা শুরু হয়েছে যে অনুপর্ণা রায়ের প্রথম বাংলা ছবির প্রযোজনা করতে পারে ক্যালাইডোস্কোপ।
সূত্রের খবর অনুযায়ী, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কিছু প্রাথমিক আলোচনা হয়েছে। গল্প এবং চিত্রনাট্য নিয়েও কথাবার্তা চলছে বলে জানা যাচ্ছে। প্রযোজক সমীরণ দাসও এই সম্ভাব্য কাজ নিয়ে যথেষ্ট আগ্রহী। একই সঙ্গে শোনা যাচ্ছে, এই ছবিতে পাওলি দামের থাকার সম্ভাবনাও রয়েছে। অনেকের মতে, সব কিছু ঠিকঠাক থাকলে এই ছবিতেই মুখ্য চরিত্রে দেখা যেতে পারে পাওলি দামকে।
আরও পড়ুনঃ হাতে সময় কম, মিষ্টি খেতে ইচ্ছে করছে? ঘরোয়া উপকরণে মাত্র দশ মিনিটেই তৈরি করে ফেলুন ভাপা দই! রান্নায় দক্ষতা না থাকলেও, সহজেই তৈরি হবে সুস্বাদু পদ! জেনে নিন রেসিপি!
উল্লেখ্য, সমীরণ দাসের প্রযোজনা সংস্থা ক্যালাইডোস্কোপ এর আগে কেদারা, গৃহপ্রবেশ এবং পুতুল নাচের ইতিকথা এর মতো একাধিক প্রশংসিত ছবি তৈরি করেছে। বাণিজ্যিক ধারার পাশাপাশি ভিন্ন ধরনের গল্পের সিনেমা নির্মাণেও তাদের আগ্রহ রয়েছে। তাই অনুপর্ণা রায়ের সঙ্গে এই সম্ভাব্য সহযোগিতা নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। এখন অপেক্ষা পরিচালক এবং প্রযোজনা সংস্থা কবে আনুষ্ঠানিকভাবে এই নতুন প্রকল্পের ঘোষণা করেন।
