টলিপাড়ার অন্দরে হঠাৎই ছড়িয়ে পড়েছে জোর গুঞ্জন। জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা নাকি এবার রাজনীতির ময়দানে নামতে চলেছেন। কোন দলের পতাকা হাতে দেখা যাবে তাঁকে, সেই প্রশ্নেই উত্তাল সোশ্যাল মিডিয়া ও বিনোদন মহল। তবে এই জল্পনার মধ্যেই সামনে এল অভিনেতার স্পষ্ট বক্তব্য। তিনি জানিয়েছেন, এই বিষয়ে তিনি নিজেই কিছু জানেন না এবং তাঁর কাছে কোনও রাজনৈতিক দলের তরফে এখনও কোনও প্রস্তাবও আসেনি।
এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, সকাল থেকেই একের পর এক ফোন ও মেসেজ পাচ্ছেন তিনি। কিন্তু সবটাই তাঁর কাছে বিস্ময়কর। তিনি বলেন, এখন তাঁর সমস্ত মনোযোগ নতুন ছবি ও কাজের পরিকল্পনা নিয়ে। রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে কোনও ভাবনাই নেই। বরং আগামী দিনে কোন ছবি নিয়ে এগোবেন, সেই দিকেই তিনি সম্পূর্ণ মনোযোগী। তাই হঠাৎ করে রাজনীতিতে নামার সম্ভাবনাকে তিনি একেবারেই উড়িয়ে দিয়েছেন।
কিছুদিন আগেই পরিচালক অরিজিৎ টোটোন চক্রবর্তী-র ছবি লক্ষ্মী এল ঘরে-তে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অঙ্কুশ। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেন শুভশ্রী গাঙ্গুলি ও সোহিনী সেনগুপ্ত। ছবির বিষয়বস্তু ও প্রেক্ষাপট ঘিরে নানা রাজনৈতিক ব্যাখ্যা উঠে আসায় অনেকের ধারণা তৈরি হয়েছিল, অভিনেতার রাজনৈতিক যোগসূত্র হয়তো সেখান থেকেই। সেই জল্পনাই ক্রমে আরও জোরালো হয়ে ওঠে।
এদিকে সাম্প্রতিক সময়ে তারকাদের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে আলোচনা তুঙ্গে। অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়-কে ঘিরেও এমন জল্পনা তৈরি হয়েছিল, যদিও তিনিও স্পষ্ট করে জানিয়েছেন এখনও কোনও আনুষ্ঠানিক প্রস্তাব পাননি। ফলে একই ধরণের গুঞ্জন এবার ঘিরে ধরেছে অঙ্কুশকেও। তবে অভিনেতা নিজেই যখন বিষয়টি নাকচ করেছেন, তাতে আপাতত এই জল্পনার আগুনে কিছুটা হলেও জল পড়েছে।
আরও পড়ুনঃ নিউরোসায়েন্স, ষড়যন্ত্র আর বিচ্ছিন্ন স্মৃতির ধাঁধার ফাঁদে মন! ছোটপর্দায় সাইকোলজিক্যাল থ্রিলারে ফিরছেন টুম্পা ঘোষ! রহস্যযাত্রায় সঙ্গী হবেন কিঞ্জল নন্দ! আসছে কোন গল্প?
অন্যদিকে কাজের দিক থেকে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেতা। সরস্বতী পুজোর আগে মুক্তি পাওয়া নারী চরিত্র বেজায় জটিল ছবিতে ঐন্দ্রিলা সেন-এর সঙ্গে তাঁর জুটি দর্শকদের ভালো সাড়া পেয়েছে। বর্তমানে তিনি মন দিয়েছেন নতুন ছবি মির্জা ২-এর প্রস্তুতিতে। এর মাঝেই রাজনীতির গুঞ্জন কতটা প্রভাব ফেলবে তাঁর কেরিয়ারে, সেটাই এখন দেখার।
