জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নিউরোসায়েন্স, ষড়যন্ত্র আর বিচ্ছিন্ন স্মৃতির ধাঁধার ফাঁদে মন! ছোটপর্দায় সাইকোলজিক্যাল থ্রিলারে ফিরছেন টুম্পা ঘোষ! রহস্যযাত্রায় সঙ্গী হবেন কিঞ্জল নন্দ! আসছে কোন গল্প?

বাংলা ওয়েব সিরিজের জগতে এখন একের পর এক নতুন ভাবনার বিস্ফোরণ। সেই ধারাতেই আসছে এক চমকপ্রদ সায়েন্স ফিকশন সাইকোলজিক্যাল থ্রিলার ‘বিভ্রাট’, যার ভাবনা ও পরিচালনায় রয়েছেন জয়দীপ রায়চৌধুরী। শুধু পরিচালনা নয়, গল্প ও চিত্রনাট্যেও তাঁর সক্রিয় উপস্থিতি এই সিরিজকে দিয়েছে আলাদা মাত্রা। সহ প্রযোজনার দায়িত্বও সামলেছেন তিনি নিজেই। প্রযোজনায় রয়েছে অনন্তকৃতি ফিল্মস ও অর্ণিকা প্রোডাকশনস। মুখ্য ভূমিকায় দেখা যাবে কিঞ্জল নন্দ, টুম্পা ঘোষ এবং মনোজ ওঝাকে। সঙ্গে রয়েছেন টলিপাড়ার আরও পরিচিত কয়েকজন মুখ। সব মিলিয়ে রহস্য আর মনস্তত্ত্বের মিশেলে তৈরি এই সিরিজ ইতিমধ্যেই কৌতূহল বাড়িয়েছে দর্শকমহলে।

‘বিভ্রাট’-এর গল্প গড়ে উঠেছে এক উন্নত প্রযুক্তিনির্ভর সমাজকে ঘিরে, যেখানে নিউরোসায়েন্স এবং অ্যালগরিদম মানুষের ব্যক্তিগত অনুভূতির গভীরতম স্তর পর্যন্ত পৌঁছে গেছে। একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে, যা প্রথমে একে অপরের সঙ্গে সম্পর্কহীন বলেই মনে হয়। একটি রহস্যজনক এনকাউন্টার কিলিং, অদ্ভুত চিকিৎসা পদ্ধতির আড়ালে লুকিয়ে থাকা গোপন তথ্য, উচ্চপদস্থ কর্মকর্তাদের নিখোঁজ হয়ে যাওয়ার পরও ডিজিটাল উপস্থিতি টিকে থাকা, কিংবা হঠাৎ করে খবরের মোড় ঘুরে যাওয়া। এই বিচ্ছিন্ন ঘটনাগুলোর ভিতরেই ধীরে ধীরে উন্মোচিত হয় এক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত।

গল্প যত এগোয়, চরিত্ররা ততই টের পেতে থাকে যে তাদের চেনা বাস্তবতা আসলে কতটা নড়বড়ে। সময়, স্মৃতি আর সত্যির ধারণা ক্রমশ প্রশ্নের মুখে পড়ে। তারা যখন রহস্যের জট খুলতে শুরু করে, তখন সামনে আসে এমন সব মোড়, যা তাদের বিশ্বাসের ভিত্তিকেই কাঁপিয়ে দেয়। চারপাশের পরিচিত জগৎ এক অদ্ভুত অস্থিরতায় ভরে ওঠে, আর দর্শকও ধীরে ধীরে জড়িয়ে পড়ে সেই মনস্তাত্ত্বিক টানাপোড়েনে। বাস্তব আর কৃত্রিমতার সীমারেখা কোথায় মিলিয়ে যায়, সেটাই হয়ে ওঠে মূল প্রশ্ন।

এই সিরিজ শুধুমাত্র প্রযুক্তিকে খলনায়ক হিসেবে দেখায় না, বরং দেখায় কীভাবে সূক্ষ্ম নিয়ন্ত্রণ এবং নৈতিকতার আপস একটি সমাজকে ভিতর থেকে বদলে দিতে পারে। মানুষ কত সহজে সাজানো বাস্তবতাকে নিজের অজান্তেই গ্রহণ করে নেয় এবং ব্যবস্থার ফাঁকফোকর চোখে না পড়া পর্যন্ত সবকিছু কত স্বাভাবিক মনে হয়, সেই অস্বস্তিকর সত্যকেই সামনে আনে ‘বিভ্রাট’। মনস্তত্ত্ব, বিজ্ঞান এবং সামাজিক বাস্তবতার এই মেলবন্ধন সিরিজটিকে দিয়েছে এক গভীর ও সমকালীন আবেদন।

ইতিমধ্যেই কলকাতায় শেষ হয়েছে শুটিং। বর্তমানে জোরকদমে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। মোট সাতটি পর্বে মুক্তি পাবে এই সিরিজ। চলতি বছরেই একটি প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের সামনে আসতে চলেছে ‘বিভ্রাট’। কিঞ্জল এবং টুম্পার এই নতুন জুটি কোন অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হবে, আর কতটা ভেঙে যাবে তাদের বিশ্বাসের দুনিয়া, তার উত্তর মিলবে খুব শিগগিরই। রহস্যপ্রেমীদের জন্য এটি যে বিশেষ আকর্ষণ হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Piya Chanda

                 

You cannot copy content of this page