বিনোদন জগতে তারকাদের ভূমিকা এখন আর শুধু পর্দায় অভিনয়েই সীমাবদ্ধ নয়। সামাজিক পরিবর্তন, সংস্কৃতির দিকনির্দেশ, শিল্পের ভবিষ্যৎ— এই সব বিষয়েই বহু তারকা আজ স্পষ্ট মতামত রাখছেন। কখনও তা প্রশংসা কুড়োচ্ছে, কখনও আবার বিতর্কের জন্ম দিচ্ছে। তবু একথা অস্বীকার করার উপায় নেই, শিল্পী সমাজের এই খোলামেলা বক্তব্য বিনোদন দুনিয়ার আড়ালের বাস্তব ছবিটা সামনে আনছে বারবার।
এই তালিকায় বরাবরই আলাদা করে নজর কেড়েছেন বাংলা টেলিভিশনের পরিচিত মুখ বাসবদত্তা চ্যাটার্জি (Basabdatta Chatterjee)। অভিনয়ের পাশাপাশি নিজের স্পষ্ট মতামত ও দৃঢ় ব্যক্তিত্বের জন্য তিনি পরিচিত। ইন্ডাস্ট্রির প্রচলিত ধারা মেনে না চলে নিজের শর্তে কাজ করতেই তিনি বেশি স্বচ্ছন্দ, আর সেই কারণেই তাঁর অবস্থান খানিক ব্যতিক্রমী।
‘গানের ওপারে’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন বাসবদত্তা। দীর্ঘ সময় পেরিয়েও আজও বহু দর্শকের কাছে তিনি ওই ধারাবাহিকের অভিনেত্রী হিসেবেই বেশি পরিচিত। সময় বদলালেও তাঁর সেই চরিত্রের প্রভাব এতটাই গভীর যে নতুন প্রজন্মের কাছেও সেই কাজ ঘিরেই তাঁর আলাদা পরিচয় তৈরি হয়েছে।
সম্প্রতি এক বক্তব্যে বাংলা সিনেমা ও গানের বর্তমান ধারা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। তাঁর মন্তব্য, “বাংলা ছবিরও তো নাম হিন্দি ধাঁচের হয়ে যাচ্ছে, বাঙালিয়ানা নষ্ট হয়ে যাচ্ছে।” পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, আজকের বাংলা সিনেমা ও গান অনেকটাই হিন্দি ইন্ডাস্ট্রির তথাকথিত ‘সাক্সেস ব্লুপ্রিন্ট’ অনুসরণ করছে।
আরও পড়ুনঃ পূর্বজন্মের রহস্য ফাঁস হতেই অঘটন! রূপের মৃ’ত্যুর স্মৃতি ফিরে এলো, গোরাও হাঁটছে একই পরিণতির দিকে! প্রকাশ্যে অদ্বিতীয়ার আসল পরিচয়! ‘তারে ধরি ধরি’তে সপ্তম জন্মেও কি মিলন অপূর্ণ থেকে গেল ফুল-মুরারির?
এখানেই থামেননি বাসবদত্তা। তিনি বলেন, এখন বিদেশে গিয়ে বাংলা গান শুটিং করা হলেও সেই গানের মূল আকর্ষণ হয়ে উঠছে শুধুই বাজনা বা মিউজিক। লিরিক্স বা কথার গভীরতা যেন ক্রমশ হারিয়ে যাচ্ছে। মন খারাপের দিনে একলা বসে মান্না দে বা পুরনো দিনের রফি সাহেবের গান গুনগুন করার যে আবেগ, সেই অনুভূতিটাই আজকের গান থেকে হারিয়ে যাচ্ছে বলে তাঁর আক্ষেপ। অভিনেত্রীর এই মন্তব্য নতুন করে বাংলা শিল্পের শিকড় ও পরিচয় নিয়ে ভাবতে বাধ্য করছে অনেককেই।
