পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার ব্যস্ত ও উত্তেজনাপূর্ণ দিনের মধ্যেই অভিনেতা দেব-এর ব্যক্তিগত জীবনে নেমে এল দুঃখের খবর। তাঁর বাড়িতে প্রিয় সদস্যের মৃত্যু। এই ঘটনায় গভীরভাবে ভেঙে পড়েছেন অভিনেতা।
দক্ষিণ কলকাতার সাউথ সিটির আবাসনে দেবের ফ্ল্যাটেই থাকত তাঁর দুই আদরের পোষ্য। তাদের তিনি নিজের সন্তানের মতোই দেখতেন। সেই দুই ‘বিগ বয়’-এর একজন ছিল লাকি। বহুদিন ধরেই লাকি দেবের জীবনের খুব কাছের সঙ্গী ছিল বলে জানা যায়।
সোমবার সকালেই সোশ্যাল মিডিয়ায় লাকির মৃত্যুর খবর জানান দেব। প্রিয় পোষ্যের একটি ছবি পোস্ট করে তিনি আবেগঘন বার্তা লেখেন। সেখানে তিনি জানান, লাকি তাঁর জীবনের অন্যতম সেরা উপহার ছিল এবং আবার ফিরে আসার কথাও লেখেন।
দেব প্রায়ই নিজের পোষ্যদের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাগ করে নিতেন। কাজের ফাঁকে বাড়ি ফিরলে দরজার সামনে দাঁড়িয়ে তারা যেভাবে তাকে স্বাগত জানাত, সেই মুহূর্তও তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন। সেইসব ভিডিওতে দেবের সঙ্গে তাদের বিশেষ সম্পর্ক স্পষ্ট দেখা যেত।
আরও পড়ুন : ছোটপর্দায় কাজ হীন! এবার যাত্রামঞ্চে ফিরছেন রাজা গোস্বামী ও মধুবনী গোস্বামী! ছোটপর্দার ভবিষ্যৎ নিয়েই তুললেন বড় প্রশ্ন
শুধু বাড়িতেই নয়, কাজের জায়গাতেও দেখা মিলেছে এই পোষ্যদের। ‘কিডন্যাপ’ ছবির ‘মনটা কথা শোনে না’ গানের মহড়াতেও তারা ছিল দেবের সঙ্গে। ভোটের ফলাফল ঘিরে চর্চার মাঝেও অভিনেতার এই ব্যক্তিগত ক্ষতির খবরে অনুরাগীরাও সমবেদনা জানিয়েছেন।
