প্রায় ২৪ দিন নিখোঁজ থাকার পর অবশেষে খোঁজ মেলে পরিচালক উৎসব মুখার্জি-এর। জানা যায়, তিনি দিল্লি-তে এক বন্ধুর বাড়িতে ছিলেন। রবিবার ফেসবুক লাইভে এসে কেন হঠাৎ চলে গিয়েছিলেন এবং কী পরিস্থিতির মধ্যে ছিলেন, তা নিয়ে বিস্তারিত জানান তিনি।
উৎসবের দাবি, গত ৬ থেকে ৭ বছর ধরে তিনি নিয়মিত সাইবার হেনস্তার শিকার হচ্ছিলেন। সোশ্যাল মিডিয়ায় বন্ধু বা সহকর্মীদের সঙ্গে ছবি পোস্ট করলেই ভুয়ো অ্যাকাউন্ট থেকে কুরুচিকর মন্তব্য আসত। কখনও তাঁর অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর ছবি ও ভিডিও পোস্ট করা হত বলেও অভিযোগ করেন তিনি।
পরিচালকের কথায়, এই ঘটনার প্রভাব পড়তে শুরু করে তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনে। বন্ধুদের সঙ্গে দূরত্ব তৈরি হয়, সহকর্মীদের সঙ্গেও ভুল বোঝাবুঝি বাড়ে। ধীরে ধীরে তিনি নিজেকে গুটিয়ে নেন। বিভিন্ন অনুষ্ঠান, প্রিমিয়ার বা আড্ডার জায়গা এড়িয়ে চলতেন এবং মানসিকভাবে ভেঙে পড়েন।
এর মধ্যেই ২০২৫ সালে সাড়ে চার মাসের ব্যবধানে বাবা ও মাকে হারান উৎসব। তাঁর দাবি, সেই কঠিন সময়েও সাইবার আক্রমণ বন্ধ হয়নি। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর পরিস্থিতি আরও খারাপ হয়। অভিযোগ, তাঁর স্ত্রী মৌপ্রিয়া-কেও নানা ধরনের হেনস্তার মুখে পড়তে হয়।
আরও পড়ুনঃ ভোটগণনার উত্তেজনার মাঝেই দেবের বাড়িতে শোক! প্রিয় সদস্যকে হারিয়ে শোক বিহ্বল অভিনেতা
উৎসব জানান, মানসিক চাপ সামলাতে না পেরে গত ২ এপ্রিল বাড়ি ছেড়ে বেরিয়ে যান তিনি। কয়েকটি জায়গায় ঘোরার পর শেষ পর্যন্ত দিল্লিতে বন্ধুর বাড়িতে ওঠেন। পরে স্ত্রীর মাধ্যমে পরিবারের কাছে খবর পৌঁছায়। তিনি বলেন, পরিচিত কারও যোগ থাকতে পারে বলে সন্দেহ রয়েছে, তবে নাম বলেননি। বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলেও স্বীকার করেছেন তিনি।
