বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার এই মুহূর্তে আলোচনায় থাকলেও, তার কারণ কিন্তু গল্প নয় বরং বিতর্ক। শুরুতে ভিন্ন স্বাদের কাহিনি দিয়ে দর্শকের নজর কাড়লেও ধীরে ধীরে টিআরপি নেমে গিয়েছে তলানিতে। আর সেই সঙ্গে সেটে চলতে থাকা লাগাতার অশান্তি দর্শকদের আগ্রহেও ভাঁটা ফেলছে। একসময় যে ধারাবাহিককে ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে, এখন সেটাই যেন বিতর্কের কেন্দ্রে।
এই বিতর্কের মাঝেই অভিনেতা জীতু একটি পোস্ট করে নতুন করে চর্চা বাড়িয়েছেন। সেটের একটি বেঞ্চে শুয়ে থাকা ছবির সঙ্গে তিনি লিখেছেন, হাজারো ঝামেলা থাকলেও তাঁর মতো করে কেউ এই ফ্লোরকে ভালোবাসতে পারবে না। নিজের কর্মস্থলকে মন্দিরের সঙ্গে তুলনা করে তিনি একপ্রকার চ্যালেঞ্জই ছুঁড়ে দিয়েছেন। এই পোস্ট ঘিরে ভক্তদের আবেগ যেমন উথলে উঠেছে, তেমনই সমালোচনাও কম হয়নি।
এর আগে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় এর সঙ্গে জীতুর দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। অভিযোগ থেকে শুরু করে ব্যক্তিগত চ্যাট প্রকাশ, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে শেষমেশ ধারাবাহিক ছাড়তে বাধ্য হন দিতিপ্রিয়া। সেই সময় থেকেই দর্শকরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। কেউ জীতুর পাশে দাঁড়ান, আবার কেউ দিতিপ্রিয়ার সমর্থনে সরব হন।
পরিস্থিতি কিন্তু এরপরও শান্ত হয়নি। সহ অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী থেকে শুরু করে নতুন অপর্ণা চরিত্রে আসা শিরিন পাল এর সঙ্গেও সম্পর্কে ফাটল দেখা দিয়েছে। যদিও শিরিন এই বিষয়ে প্রকাশ্যে খুব সতর্ক মন্তব্য করেছেন, তবু তাঁর কথাতেই সম্পর্কের টানাপোড়েনের ইঙ্গিত মিলেছে। একসময় যাদের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল, এখন সেখানে দূরত্ব স্পষ্ট।
আরও পড়ুনঃ ২৪ দিন নিখোঁজ থাকার পর মুখ খুললেন উৎসব মুখোপাধ্যায়! জানালেন উধাও হওয়ার কারণ, কার উস্কানিতে এই কান্ড ঘটান তিনি?
সব মিলিয়ে ভালো গল্প থাকা সত্ত্বেও ধারাবাহিকটি এখন চাপে। পরজন্ম, বয়সের ব্যবধান আর রোম্যান্সে ভরপুর কাহিনি দিয়েও দর্শকের মন ধরে রাখতে পারেনি এই সিরিয়াল। সেটের অন্তর্কলহই যেন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে প্রশ্ন উঠছে, এই পরিস্থিতি চলতে থাকলে আদৌ টিকে থাকতে পারবে তো এই ধারাবাহিক, নাকি খুব তাড়াতাড়িই নামতে চলেছে পর্দা।
