মাকে হারানোর যন্ত্রণা জীবনের অন্যতম কঠিন অভিজ্ঞতা। সেই শূন্যতা সময়ের সঙ্গে কিছুটা মেনে নেওয়া গেলেও কখনও পুরোপুরি ভরে না। অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তীর জীবনেও সেই কষ্ট আজও একই রকম তাজা। শনিবার, ২৭ জুন মায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করে সোশাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন অভিনেত্রী। মায়ের একটি পুরনো ছবি ভাগ করে নিয়ে নিজের মনের কথা প্রকাশ করেন তিনি। মুহূর্তের মধ্যেই সেই পোস্ট অনুরাগীদের নজর কাড়ে। অনেকেই তাঁর পাশে দাঁড়িয়ে ভালোবাসা ও সমবেদনার বার্তা পাঠান।
কৌশাম্বি যে ছবিটি শেয়ার করেছেন, তাতে তাঁর মাকে ছাদের উপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁর হাতে রয়েছে মহাশ্বেতা দেবীর একটি বই। শান্ত, স্নিগ্ধ এবং স্বাভাবিক সেই মুহূর্তই যেন আজ অভিনেত্রীর কাছে অমূল্য স্মৃতি হয়ে রয়েছে। ছবির সঙ্গে তিনি লিখেছেন, “২৭ জুন! দুটো বছর হয়ে গেল মা। তুমি না ফেরার দেশে চলে গিয়েছ। তোমার মেয়ের জীবনে ঝড়গুলোতে সব থেকে বেশি, যে তোমাকেই দরকার ছিল মা। যদিও জানি তুমি সব সময় আমার সঙ্গেই রয়েছো। সব দেখছো আর শক্তি দিচ্ছো। তোমায় ভীষণ ভালোবাসি মা। ভীষণ মিস করছি।” তাঁর এই কথাগুলো অনেকের মন ছুঁয়ে যায়।

কৌশাম্বির পোস্ট প্রকাশ্যে আসার পর কমেন্ট বক্সে ভিড় করেন অনুরাগী ও সহকর্মীরা। অভিনেতা জন মন্তব্য করেন, “উনি সব সময় তোমার সঙ্গে রয়েছেন। তোমার হৃদয়ের মধ্যেই উনি আছেন।” অভিনেত্রী রোশনি ভট্টাচার্য ভালোবাসার ইমোজি দিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন। এছাড়াও বহু নেটিজেন কৌশাম্বিকে শক্ত থাকার পরামর্শ দেন। অনেকেই লেখেন, সময় কঠিন হলেও মায়ের স্মৃতিই তাঁকে এগিয়ে চলার শক্তি দেবে। ভালোবাসা ও শুভেচ্ছায় ভরে ওঠে তাঁর পোস্টের কমেন্ট বিভাগ।
প্রসঙ্গত, বিয়ের কিছুদিনের মধ্যেই নিজের মাকে হারান কৌশাম্বি চক্রবর্তী। সেই শোক কাটিয়ে ওঠার আগেই কয়েক মাসের ব্যবধানে দিদিমাকেও হারাতে হয় তাঁকে। পরপর দুই প্রিয় মানুষকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। তবে সময়ের সঙ্গে ধীরে ধীরে নিজেকে সামলে নিয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনের কঠিন সময় পার করে এখন আবার নিজের কাজ ও পরিবার নিয়েই ব্যস্ত রয়েছেন। তবুও বিশেষ দিনগুলোয় মায়ের স্মৃতি তাঁকে আবেগপ্রবণ করে তোলে।
আরও পড়ুনঃ দীর্ঘ অপেক্ষার অবসান! ছোট পর্দায় ফিরছেন ঊষসী? নতুন নায়কের সঙ্গে জুটির খবরে বাড়ছে জল্পনা! সঙ্গ দেবেন কোন নায়ক?
উল্লেখ্য, ২০২৪ সালে অভিনেতা আদৃত রায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কৌশাম্বি চক্রবর্তী। অভিনয় জীবনে তিনি খুব অল্প বয়সেই পথচলা শুরু করেছিলেন। ২০১২ সালে স্টার জলসার ‘বিধির বিধান’ ধারাবাহিকে প্যারালাল লিড চরিত্রে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। অন্যদিকে আদৃত রায় ছোট পর্দায় ‘মিঠাই’ ধারাবাহিকের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা পেলেও তাঁর অভিনয়ের শুরু হয়েছিল সিনেমা দিয়ে। ২০১৮ সালে ‘নূর জাহান’ ছবিতে প্রথম কাজ করেন তিনি। পরে ‘প্রেম আমার ২’, ‘পরিণীতা’ এবং ‘পাসওয়ার্ড’ ছবিতেও অভিনয় করেন আদৃত।
