টলিপাড়ায় সম্পর্ক ভাঙাগড়া নিয়ে আলোচনা যেন কখনও থামে না। কখনো গুজব, কখনো সত্যি খবর, সব মিলিয়েই চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তারকারা। সাম্প্রতিক সময়ে যেমন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জনপ্রিয় দম্পতি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। বিয়ের পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শোনা গেছে। কখনো পরকীয়ার গুঞ্জন, কখনো আবার চুক্তির বিয়ের মতো চমকে দেওয়া দাবি। এর মধ্যেই নীলের একটি ইনস্টাগ্রাম স্টোরি আচমকা নতুন করে চর্চার ঝড় তোলে। সেখানে লেখা ছিল ওয়ান লাস্ট টাইম। এই একটি বাক্যই অনেকের মনে প্রশ্ন তুলেছে, তবে কি ব্যক্তিগত জীবনে বড় কোনও সিদ্ধান্ত নিতে চলেছেন অভিনেতা।
তবে বিষয়টি ব্যক্তিগত সম্পর্কের নয়, বরং পেশাগত পরিবর্তনের ইঙ্গিত। সময় বদলাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ভোলে বাবা পার করেগা। নতুন সময়ের সঙ্গে বদলে যাচ্ছে কাস্টও। আর সেই পরিবর্তনের সঙ্গেই বিদায় নিচ্ছেন নীল ভট্টাচার্য ও মধুমিতা সরকার। আয়নার সামনে তোলা একটি সেলফি শেয়ার করে নীল লিখেছেন সাইনিং অফ ডা শাক্য চট্টোপাধ্যায়। সঙ্গে সেই একই বার্তা ওয়ান লাস্ট টাইম। এই পোস্টেই স্পষ্ট হয়ে যায়, চরিত্রটির সঙ্গে তাঁর পথচলা শেষ হচ্ছে। নতুন কাস্ট নিয়ে নতুন সময়সূচিতে ফিরবে ধারাবাহিকটি, এমনটাই জানা যাচ্ছে।
চ্যানেল কর্তৃপক্ষও নতুন প্রোমো প্রকাশ করে পরিবর্তনের আভাস দিয়েছে। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে রাত সাড়ে দশটায় সম্প্রচার হবে নতুন পর্ব। আগে বিকেলের স্লটে শুরু হলেও সময় বদলের সঙ্গে সঙ্গে গল্পেও আসছে নতুন মোড়। গত বছরের সেপ্টেম্বর মাসে শুরু হয়েছিল ধারাবাহিকটির যাত্রা। তবে টিআরপি তালিকায় খুব একটা প্রভাব ফেলতে পারেনি এই মেগা। দর্শকের আগ্রহ থাকলেও রেটিংয়ে প্রত্যাশিত সাফল্য না মেলায় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকেই।
এদিকে নীল ও তৃণা সাহার ব্যক্তিগত সম্পর্ক নিয়েও জল্পনা কম নয়। ভক্তরা তাঁদের ভালোবেসে তৃনীল বলে ডাকেন। ২০২১ সালে তাঁদের বিয়ে হলেও মাঝেমধ্যেই সম্পর্কের টানাপোড়েনের খবর সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করা থেকে শুরু করে আলাদা থাকার গুঞ্জন সবই আলোচনায় এসেছে বারবার। যদিও বিচ্ছেদের জল্পনা উঠলেও বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে তাঁদের। ফলে ভক্তদের মধ্যে সংশয় যেমন আছে, তেমনই আশা এখনও অটুট।
আরও পড়ুনঃ “আমি ক্লাস এইটের পর আর পড়িনি” মাধ্যমিকের গণ্ডি পেরোননি যীশু সেনগুপ্ত! উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হতেই, শিক্ষাজীবন নিয়ে অভিনেতার অকপট স্বীকারোক্তি!
অন্যদিকে নীলের ধারাবাহিক বন্ধ হলেও তৃণা সাহার কেরিয়ার এখন উজ্জ্বল সময় পার করছে। তাঁর অভিনীত ধারাবাহিক নিয়মিত ভালো ফল করছে এবং দর্শকদের মন জিতছে। ফলে একদিকে পেশাগত বিদায়, অন্যদিকে নতুন সম্ভাবনার দরজা খুলছে দুই তারকার জীবনেই। সময়ই বলবে ভবিষ্যতে কী অপেক্ষা করছে তাঁদের জন্য। আপাতত নীলের পোস্টই স্পষ্ট করে দিল, একটি অধ্যায়ের সমাপ্তি মানেই হয়তো নতুন গল্পের শুরু।
