অবশেষে কৌতূহলের অবসান ঘটল দর্শকদের। দীর্ঘদিন ধরে প্রোমোতে আড়ালে থাকা মুখটি এবার প্রকাশ্যে এল, আর সেই নতুন মুখ হলেন শ্বেতা মিশ্র। ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে তাঁকেই দেখা যাবে মুখ্য চরিত্রে। তাঁর আগমনেই গল্পে আসতে চলেছে নতুন মোড়, যা নিয়ে ইতিমধ্যেই উৎসাহ বেড়েছে দর্শকদের মধ্যে। সম্প্রচারের সময় বদলের পাশাপাশি গল্পে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে নতুন প্রোমোতেই। নতুন অধ্যায়ের শুরুতে নির্মাতারা স্পষ্ট বার্তা দিয়েছেন, এবার গল্পে আসছে অন্যরকম গতি ও নতুন আবেগের সংযোজন।
সম্প্রতি প্রকাশিত প্রোমোতে দেখা মিলেছে রাহুল অরুণোদয় ব্যানার্জির, যা থেকেই পরিষ্কার যে ধারাবাহিকের পরবর্তী পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন তিনিও। গল্পের কেন্দ্রীয় চরিত্র সিদ্ধার্থ সেনর বিপরীতে অভিনয় করবেন শ্বেতা। নতুন এই জুটিকে ঘিরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে দর্শকমহলে। নতুন সময়, নতুন সম্পর্কের সমীকরণ আর অজানা আবেগের টানাপোড়েন মিলিয়ে গল্পে তৈরি হতে চলেছে ভিন্ন স্বাদ। ধারাবাহিকের নির্মাতারাও জানাচ্ছেন, এই পরিবর্তন দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে।
বড়পর্দায় প্রেম টেম ছবির মাধ্যমে দর্শকের নজরে আসেন শ্বেতা। এরপর ছোটপর্দায় একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করলেও মুখ্য চরিত্রে তাঁকে এতদিন দেখা যায়নি। ধুলোকণা এবং ইচ্ছে পুতুল এর মতো সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে তিনি নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। অবশেষে প্রধান চরিত্রে সুযোগ পাওয়ায় তাঁর অভিনয়জীবনে নতুন অধ্যায়ের সূচনা হল বলেই মনে করছেন অনেকে। দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর নতুন অবতারের জন্য।
এরই মধ্যে ধারাবাহিককে ঘিরে জল্পনা আরও জোরদার হয়েছিল কিছু ঘটনার জেরে। কিছুদিন আগে নীল ভট্টাচার্য তাঁর সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে জানান যে ডক্টর সাক্ষ্য চ্যাটার্জির পথচলা শেষ হচ্ছে। সেই পোস্ট ঘিরেই জল্পনা শুরু হয় তাঁর বিদায় নিয়ে। অন্যদিকে মধুমিতা সরকারকে আর ধারাবাহিকে দেখা যাবে না এমন গুঞ্জনও শোনা যাচ্ছিল। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, নতুন মুখের আগমনেই অনেকেই ধরে নিচ্ছেন গল্পে বড় পরিবর্তন আসছে।
আরও পড়ুনঃ “ভারতীয় পর্দায় এমন রূপসী আর আসেনি, একবার অন্তত মধুবালার…” কিশোর কুমারের কণ্ঠে শোনা, মুম্বইয়ের ‘ভেনাস’ মধুবালার অসম্পূর্ণ সংসারের কষ্টগাথা শোনালেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়!
কয়েক মাস আগে স্টার জলসায় শুরু হয়েছিল এই ধারাবাহিক, আর শুরুটা যথেষ্ট আশাব্যঞ্জক হলেও প্রত্যাশামতো দর্শকমনে সাড়া ফেলতে পারেনি। টিআরপি তালিকাতেও বিশেষ জায়গা করে নিতে পারেনি সিরিয়ালটি। তাই নতুন সময়, নতুন মুখ এবং নতুন গল্পের মোড় দিয়ে নির্মাতারা যেন এক নতুন সূচনার চেষ্টা করছেন। এখন প্রশ্ন একটাই, এই পরিবর্তন কি ধারাবাহিকের ভাগ্য ঘুরিয়ে দিতে পারবে এবং দর্শকের মন জয় করে আবার আলোচনায় ফিরবে এই সিরিয়াল।
