জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘দেশের পরিকাঠামো দেখে মা হতে ভয় পেয়েছিলাম’, মাতৃত্ব নিয়ে মত বদলের কথা জানালেন সোহিনী সরকার

অভিনেত্রী সোহিনী সরকার এখন জীবনের এক বিশেষ অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আর কয়েক দিনের মধ্যেই তাঁর এবং শোভন গঙ্গোপাধ্যায়ের জীবনে আসতে চলেছে নতুন অতিথি। কাজের ব্যস্ততা সাময়িক ভাবে সরিয়ে রেখে আপাতত পরিবার এবং নিজের জন্য সময় কাটাচ্ছেন হবু মা।

মাতৃত্বের এই সময়টা অবশ্য একেবারে অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে সোহিনীর। ছুটিতে অনেক কিছু করার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত বেশির ভাগ সময়ই বিশ্রামে কাটছে। চিকিৎসকের পরামর্শ মেনে খাবার খাচ্ছেন, সিনেমা-ওয়েব সিরিজ় দেখছেন, আর ভবিষ্যৎ সন্তানকে ঘিরে নানা ভাবনাও ঘুরছে তাঁর মাথায়।

অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ থেকে পুরোপুরি দূরে থাকেননি অভিনেত্রী। ‘বহুরূপী’ ছবির শুটিংয়ের সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। এমনকি ছ’মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ‘অজেয়া’ ওয়েব সিরিজ়েও কাজ করেছেন। শারীরিক ক্লান্তি থাকলেও সহ-অভিনেতাদের সহযোগিতায় সেই কাজগুলি শেষ করেছেন তিনি।

মা হওয়ার সিদ্ধান্ত নিয়ে একটা সময় সংশয় ছিল সোহিনীর। ২০২৪ সালে দেশের পরিকাঠামো ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে সন্তানকে এই পৃথিবীতে আনা নিয়ে নিজের দ্বিধার কথা জানিয়েছিলেন। তবে সময়ের সঙ্গে সেই ভাবনা বদলেছে। এখন তাঁর বিশ্বাস, সমস্যা থাকলেও মা-বাবা হিসেবে তাঁরা নিজেদের মতো করে সবটা সামলে নিতে পারবেন।

সোহিনীর কথায়, মাতৃত্ব মানে যেমন নতুন কিছু পাওয়া, তেমনই কিছু জিনিস ছেড়ে দেওয়াও। শরীরে মাতৃত্বের যে পরিবর্তন আসবে, সেটাকেও সুন্দর ভাবেই গ্রহণ করতে চান তিনি। সন্তান যেন সুস্থ ভাবে বড় হয়ে একজন ভাল মানুষ হয়ে উঠতে পারে, সেই দায়িত্ব পালনের জন্যই এখন প্রতিদিন নতুন করে প্রস্তুতি নিচ্ছেন সোহিনী এবং শোভন।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page