মাতৃত্বের নতুন অধ্যায়ে এখন ব্যস্ত অভিনেত্রী সোহিনী সরকার। গত ২০ সেপ্টেম্বর পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। প্রথমে মজার ছলে ছেলেকে ‘বীরপুরুষ’ বলে পরিচয় করিয়ে দিলেও পরে জানিয়েছিলেন, ছেলের নাম রেখেছেন অন্বয়। তারপর থেকেই অনুরাগীদের মধ্যে কৌতূহল, কেমন দেখতে হয়েছে সোহিনী ও তাঁর স্বামীর সন্তানকে? কবে দেখা যাবে একরত্তির মুখ? এবার শিশু দিবস উপলক্ষে ছেলের সঙ্গে কাটানো এক সুন্দর মুহূর্তের ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী। যদিও খুদের মুখ দেখার অপেক্ষা এখনও শেষ হল না অনুরাগীদের।
মা হওয়ার পর থেকে ব্যক্তিগত জীবনের এই নতুন অভিজ্ঞতা মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন সোহিনী। তবে সন্তানের ছবি প্রকাশের ক্ষেত্রে বরাবরই কিছুটা সাবধানী তিনি। এর আগেও নিজের জন্মদিনে ছেলেকে কোলে নিয়ে ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। কিন্তু সেখানেও সন্তানের মুখের উপর ইমোজি বসিয়ে রেখেছিলেন। অর্থাৎ, ছেলেকে নিয়ে আনন্দের মুহূর্ত ভাগ করে নিতে আপত্তি না থাকলেও একরত্তির ব্যক্তিগত পরিসর বজায় রাখতে চান তিনি। এবারও তার ব্যতিক্রম হল না। শিশু দিবসে প্রথমবার ছেলের সঙ্গে খেলার মুহূর্তের ছবি প্রকাশ করলেও অন্বয়ের মুখ আড়ালেই রাখলেন অভিনেত্রী।
১৪ নভেম্বর শনিবার সোশ্যাল মিডিয়ায় ছবিটি পোস্ট করেন সোহিনী। সেখানে দেখা যাচ্ছে, মায়ের সঙ্গে খেলায় মেতে রয়েছে ছোট্ট অন্বয়। খুদের মাথাভর্তি চুল, ছোট্ট ছোট্ট আঙুল দিয়ে মাকে ছুঁয়ে দেখার চেষ্টা, সব মিলিয়ে ছবিতে ধরা পড়েছে এক মিষ্টি মুহূর্ত। ছেলের মুখ স্পষ্ট না হলেও সোহিনীর মুখের হাসি যেন বুঝিয়ে দিচ্ছে মাতৃত্বের আনন্দ কতটা উপভোগ করছেন তিনি। ছবির সঙ্গে অভিনেত্রী লিখেছেন, ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে।’ তাঁর এই পোস্ট ঘিরে স্বাভাবিকভাবেই অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস।
অন্যদিকে, মাতৃত্বের পাশাপাশি পেশাগত জীবনও সামলে চলেছেন অভিনেত্রী। সদ্যোজাতকে বাড়িতে রেখেই ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’-র সাফল্য উদ্যাপনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। অর্থাৎ, মা হওয়ার পরেও কাজের জগৎ থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে রাখেননি সোহিনী। তবে নতুন জীবনের এই দায়িত্ব যে সহজ নয়, সেটাও বিভিন্ন সময়ে বুঝিয়েছেন অভিনেত্রী। সদ্যোজাতকে সামলাতে রাতের ঘুম যে অনেকটাই উধাও হয়েছে, সে কথাও জানিয়েছেন তিনি। একদিকে সন্তানের যত্ন, অন্যদিকে কাজের ব্যস্ততা, দুইয়ের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করছেন নতুন মা।
আরও পড়ুনঃ ‘আই লাভ ইউ, আর ঝগড়া করব না!’ জীতুর প্রেমের প্রস্তাবে অবশেষে সাড়া সৃজলার? ভাইরাল অভিনেত্রীর চোখের জলের ভিডিও ঘিরে তুমুল চর্চা
তবে শিশু দিবসে ছেলের সঙ্গে সোহিনীর এই ছবি দেখে অনুরাগীদের মন পুরোপুরি ভরেনি। কারণ, সকলেরই আগ্রহ এবার ছোট্ট অন্বয়ের মুখ দেখার। অনেকেই জানতে চাইছেন, এতদিন পর যখন ছেলের ছবি প্রকাশ করলেন, তখন মুখ দেখাতে আর আপত্তি কোথায়? যদিও অভিনেত্রী এখনও সেই সিদ্ধান্ত নেননি। ফলে মা-ছেলের সুন্দর মুহূর্তের ছবি সামনে এলেও অন্বয়ের মুখ দেখার অপেক্ষা থেকেই গেল। আপাতত সোহিনীর মাতৃত্বের এই মিষ্টি মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে।
