মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির প্রভাব এবার এসে পড়ল টলিউড তারকা পরিবারেও। দুবাই থেকে কলকাতায় ফেরার কথা ছিল অভিনেত্রী Subhashree Ganguly এবং তাঁর পাঁচ বছরের ছেলে ইউভানের। কিন্তু শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় তাঁদের নির্ধারিত বিমান। ফলে দুবাইতেই আটকে পড়েছেন মা ও ছেলে। এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগে রয়েছেন পরিবার এবং অনুরাগীরাও।
পরিচালক এবং তৃণমূল বিধায়ক Raj Chakraborty এক সংবাদমাধ্যমকে জানান, বুধবার গভীর রাতে দুবাই থেকে শুভশ্রী ও ইউভানের কলকাতায় ফেরার কথা ছিল। কিন্তু আকস্মিক পরিস্থিতির কারণে সেই বিমান বাতিল হয়ে যায়। নতুন পরিকল্পনা অনুযায়ী শুক্রবার ভোরে দুবাই থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁদের।
মুম্বইয়ে পৌঁছানোর পর সেখান থেকে আরেকটি বিমানে কলকাতায় ফিরবেন মা ও ছেলে। যদিও রাজ জানিয়েছেন, দুবাইয়ের পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হচ্ছে এবং ধীরে ধীরে জনজীবনও আগের ছন্দে ফিরছে। তবুও স্ত্রী এবং সন্তান নিরাপদে দেশে না ফেরা পর্যন্ত দুশ্চিন্তা কাটছে না তাঁর।
পরিস্থিতি সামাল দিতে রাজ ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপও নিয়েছেন। তিনি জানিয়েছেন যে বিধানসভার অধ্যক্ষের মাধ্যমে দেশের বিদেশ মন্ত্রকের কাছেও বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি দুবাইয়ে থাকা শুভশ্রীর কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুও তাঁদের সাহায্যের চেষ্টা করছেন এবং নিয়মিত যোগাযোগ রাখছেন।
আরও পড়ুনঃ নিজেকে বদলে নিতে বড় পদক্ষেপ গায়িকা মানসী ঘোষের! হঠাৎ করেই নতুন লুকে নজর কাড়লেন, ইন্ডিয়ান আইডলের প্রথম বাঙালি বিজেতা! প্রভাব পড়বে কি গানেও?
ইউভানের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর ছেলেকে নিয়ে ছুটি কাটাতে দুবাই গিয়েছিলেন শুভশ্রী। কলকাতায় তাঁদের ছোট মেয়ে ইয়ালিনিকে দেখাশোনা করছেন পরিবারের অন্য সদস্যরা। শুভশ্রীর বাবা জানিয়েছেন, দিনের অনেকটা সময় মেয়ের সঙ্গে কথা হচ্ছে তাঁর। এমনকি ছোট্ট ইউভানও দাদুকে আশ্বস্ত করেছে যে তারা ভালোই আছে এবং নিরাপদে হোটেলেই রয়েছে।
