জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

কালবৈশাখীর দাপটে আবহাওয়া ঠান্ডা, মন করছে খিচুড়ি খিচুড়ি! নিরামিষ দিনেই বানিয়ে ফেলুন সুগন্ধি ভুনা খিচুড়ি আর লাবড়ার জুটি! জমুক বাঙালির দুপুর, বদলে দিন একঘেয়ে মেনু! জেনে নিন সহজ রেসিপি!

চৈত্র মাসের শুরুতেই কালবৈশাখীর দাপট। কালকের ঝড়-বৃষ্টির পর হঠাৎ করেই আবহাওয়াটা যেন বেশ ঠান্ডা ঠান্ডা, আর এমন দিনে বাঙালির মনে একটাই ভাবনা ঘোরে, খিচুড়ি খিচুড়ি! ঝিরঝিরে বৃষ্টি, হালকা হাওয়া আর মেঘলা আকাশ। সব মিলিয়ে আরামদায়ক দুপুরে পাতে যদি গরম ভুনা খিচুড়ি (Bhuna Khichuri) আর সঙ্গে মাখোমাখো লাবড়া থাকে, তাহলে আর কিছু চাই না! নিরামিষ দিনের একঘেয়েমিও যেন তখন একেবারে উধাও হয়ে যায়।

কমবেশি অনেকেই আজ নিরামিষ খান, আর একঘেয়ে পদ খেতে খেতে মুখের স্বাদ হারাতে বসেছেন। অনেকেই ভাবেন নিরামিষ মানেই স্বাদহীন বা খুব সাদামাটা খাবার। কিন্তু একটু যত্ন করে রান্না করলে সেই ধারণা একেবারে বদলে যেতে পারে। যেমন গোবিন্দভোগ চাল দিয়ে বানানো ভুনা খিচুড়ি, তার আলাদা সুগন্ধই খাবারের রুচি বাড়িয়ে দেয়। তার সঙ্গে সোনা মুগ ডাল হালকা ভেজে নেওয়া হলে একটা আলাদা স্বাদ ও গন্ধ তৈরি হয়, যা পুরো পদটাকেই অন্য মাত্রা দেয়।

এই খিচুড়ি রান্নার সময় কিছু ছোটখাটো বিষয় খেয়াল রাখলে রান্নাটা আরও ভালো হয়। শুরুতেই ডালটা শুকনো কড়াইতে ভেজে নিয়ে ধুয়ে রাখাতে হবে। তারপর ঘি-তেলে তেজ পাতা, গরম মশলার ফোড়ন দিয়ে কাজু-কিশমিশ ভেজে নিতে হবে। এরপর চাল-ডাল একসঙ্গে ভালো করে নেড়ে নিয়ে মশলা (আদা বাটা, হলুদ, নুন এবং সামান্য লঙ্কা) দিয়ে কষিয়ে গরম জল দিয়ে ঢেকে দিতে হবে। ধীরে ধীরে জল শুকিয়ে এলে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলেই ঝরঝরে ও সুগন্ধি খিচুড়ি তৈরি।

অন্যদিকে, এই খিচুড়ির সেরা সঙ্গী হতে পারে লাবড়া। বিভিন্ন সবজি একসঙ্গে মিশে যে স্বাদ তৈরি করে, সেটাই এই পদের বিশেষত্ব। আলু, কুমড়ো, বেগুন, পটল, শিম, রাঙা আলু, কাঁচা কলা, ফুলকপি বা আপনার পছন্দ মতো যে কোনও সবজি ব্যবহার করতে পারেন। তবে, সবকিছু একই মাপের কাটতে হবে, যাতে একই সময়ে সিদ্ধ হয়ে যায়। সবকিছু একসঙ্গে সরষের তেলে পাঁচফোড়নের ফোড়ন আর অনেকটা আদা বাটা দিয়ে কষান, যাতে নিজস্ব জলেই সেদ্ধ হয়ে যায়।

আলাদা করে জল না দিয়ে রান্না করলে সবজির স্বাদ ঠিকভাবে ফুটে ওঠে। কিছুটা রান্না হলে, দিয়ে দিন জিরে গুঁড়ো আর অল্প রাঁধুনি বাটা। এরপর মাখোমাখো হয়ে এলে, শেষে সামান্য চিনি আর ভাজা মশলা (এটা নাও দিতে পারেন) ছড়িয়ে দিলেই সুস্বাদু লাবড়াও তৈরি। সব মিলিয়ে বলা যায়, নিরামিষ দিনের খাবারও খুব সহজেই বিশেষ হয়ে উঠতে পারে, যদি মেনুতে থাকে এই ধরনের পদ। আবহাওয়ার সঙ্গে মানানসই গরম খিচুড়ি আর লাবড়া শুধু পেটই ভরায় না, মনকেও একটা আলাদা আরাম দেয়।

Piya Chanda

                 

You cannot copy content of this page