টলিউডের প্রথম সারির জনপ্রিয় অভিনেতাদের মধ্যে ‘অঙ্কুশ হাজরা’র (Ankush Hazra) নাম বহুদিন ধরেই বিশেষভাবে উল্লেখযোগ্য। বাণিজ্যিক ছবির নায়ক হিসেবে নিজের জায়গা তৈরি করার পাশাপাশি কমেডি, অ্যাকশন থেকে শুরু করে ভিন্নধর্মী চরিত্রেও তিনি বারবার দর্শকদের মন জয় করেছেন। বড় পর্দার পাশাপাশি টেলিভিশনের সঞ্চালক হিসেবেও সমান জনপ্রিয় তিনি। ব্যক্তিগত জীবনেও অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন অঙ্কুশ। সাম্প্রতিক সময়ে বেআইনি বেটিং অ্যাপ প্রচার সংক্রান্ত তদন্তে ইডির সমন ঘিরেও তাঁর নাম সংবাদ শিরোনামে উঠে এসেছিল। তবে বিভিন্ন বিতর্কের মধ্যেও নিজের স্পষ্টভাষী স্বভাবের জন্য তিনি বরাবরই আলাদা পরিচিত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অঙ্কুশকে একের পর এক চটজলদি প্রশ্নের মুখোমুখি হতে হয়। সেখানে জিৎ, দেব, যশ, নুসরাত-সহ একাধিক সহকর্মীর সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা এবং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে জানতে চাওয়া হয়। একইসঙ্গে সাম্প্রতিক বিতর্ক, ইডির সমন এবং টলিউডের নানা চর্চিত বিষয় নিয়েও তাঁর মতামত জানতে চান সঞ্চালক। বেশিরভাগ প্রশ্নেরই উত্তর তিনি মজার ছলে দিলেও কয়েকটি মন্তব্য বিশেষভাবে দর্শকদের নজর কেড়েছে। বিশেষ করে কিছু উত্তর ঘিরে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সাক্ষাৎকারে অভিনেত্রী সায়নী ঘোষকে নিয়ে প্রশ্ন করা হলে অঙ্কুশ কোনও রাখঢাক না করেই বলেন, “আমি কানামাছি ছবির সায়নীকে চিনতাম, এখনও চিনি। তারপরের সায়নীকে আর চিনি না।” এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই অনেকের কৌতূহল বেড়েছে। এরপর ইডির সমন প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেতা হাসতে হাসতেই বলেন, “বিতর্ক ছাড়া লাইন লাইটে আসা যায়… একটু-আধটু বিতর্ক ভাল!” তাঁর এই উত্তরেও উপস্থিত সকলে হাসিতে ফেটে পড়েন। যদিও নিজের বিরুদ্ধে চলা তদন্ত বা সেই বিষয়ে তিনি এর বাইরে আর কোনও বিস্তারিত মন্তব্য করেননি।
এরপর টলিউডে অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাসকে ঘিরে চলা বিতর্কের প্রসঙ্গ তোলা হলে সঞ্চালক জানতে চান, বিশ্বাস ব্রাদার্সের ‘শিকার’ তিনিও হয়েছেন কি না। উত্তরে অঙ্কুশের জবাব ছিল, “গুপ্তা ব্রাদার চিনি, বিশ্বাস ব্রাদারকে তো চিনি না!” আবার পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যের অভিনয় করতে গিয়ে বাস্তবের সঙ্গে কোনওদিন গুলিয়ে ফেলেছেন কি না জানতে চাইলে অভিনেতা নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন, “ইচ্ছে থাকলেও উপায় নেই, যতবারই গুলিয়ে ফেলতে গেছি… একদিক দিয়ে ডিরেক্টর দেখছে, অন্য দিক থেকে লাইট ম্যান!” তাঁর এই রসিক উত্তরও দ্রুত ভাইরাল হয়ে যায়। তবে সাক্ষাৎকারের আরেকটি মুহূর্ত আলাদা করে নজর কেড়েছে।
নুসরাতকে নিয়ে প্রশ্ন করা হলেও অঙ্কুশ উত্তর দেন নুসরাত ফারিয়াকে নিয়ে। অনেকের ধারণা, প্রশ্নটি সম্ভবত অভিনেত্রী নুসরাত জাহানকে ঘিরেই করা হয়েছিল। এই কারণেই নতুন করে জল্পনা শুরু হয়েছে, একসময় ভালো বন্ধুত্বের কথা শোনা গেলেও বর্তমানে নুসরাত জাহান এবং অঙ্কুশ হাজরার সম্পর্কের মধ্যে কি কোনও দূরত্ব তৈরি হয়েছে? যদিও এই বিষয়ে অভিনেতা কোনও সরাসরি মন্তব্য করেননি। ফলে বিষয়টি আপাতত জল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তবে তাঁর অকপট উত্তর এবং রসিকতার ভঙ্গি নিয়ে এই সাক্ষাৎকার ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে।
