জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta) আবারও চর্চার কেন্দ্রে! তবে গল্পের মোড়ের জন্য নয়, বরং একটি প্রোমো ঘিরে তৈরি হওয়া হাস্যরসের জন্য। গত সপ্তাহে রবিবারের বিশেষ পর্বের জন্য প্রকাশিত প্রোমোতে নিশার অভিব্যক্তি এবং অভিনয় যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনই মূল পর্ব প্রকাশ্যে আসতেই এমন কিছু দৃশ্য দেখা গেল যা নিয়ে নেট মাধ্যমে চলছে হাসাহাসি! ঠিক কী দেখা গেছে এমন? সেখানে দেখা যায়, উজি-ঋষি হানিমুনে যাওয়ার জন্য একটি বিমানে বসে আছে।
সব ঠিকই ছিল, কিন্তু দর্শকের চোখ আটকে যায় এক অদ্ভুত বিষয়েই যে বিমানের জানলায় কোনও কাচই নেই! মাঝ আকাশে উড়তে থাকা প্লেনের জানলা খোলা, অথচ নায়ক-নায়িকা নির্বিঘ্নে বাইরে তাকিয়ে আছেন। এই দৃশ্য দেখেই শুরু হয়ে যায় মজার মন্তব্য আর ঠাট্টা-তামাশা। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ওই দৃশ্য ঘিরে একের পর এক মিম তৈরি হতে শুরু করে। কেউ লিখেছেন, ‘বাংলা সিরিয়ালে সবই সম্ভব!’
আবার অন্য কেউ প্রশ্ন তুলেছেন, ‘এমন দৃশ্য ভাবার আগে, বাস্তবতা নাম জিনিসটার গলা টিপে দিতে হয়!’ অনেকে আবার মজা করে বলেছেন, উজির নাকি বিশেষ ক্ষমতা আছে বলেই খোলা জানলাও তার কোনও ক্ষতি করতে পারছে না! কেউ কেউ প্রযোজনার বাজেট নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি। সব মিলিয়ে, গল্পের চেয়ে এই অদ্ভুত দৃশ্যটাই আপাতত দর্শকদের আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে শুধু ট্রোলিং নয়, ধারাবাহিকের কাহিনিও এখন বেশ গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছেছে।
এই দৃশ্যটি অবাস্তব হওয়ার পেছনে সম্ভাব্য কারণ এটাও হতে পারে, ধারাবাহিকে এই হানিমুনে যাওয়া এবং বিমান দুর্ঘ’টনার বিষয়টা সম্পূর্ণ উজির স্বপ্ন ছিল। এদিকে উজি ধীরে ধীরে বুঝতে শুরু করেছে, ঋষি ব্যানার্জি আসলে খারাপ মানুষ নন। বরং তাকে ফাঁসানোর জন্য কেউ পরিকল্পিতভাবে চাল চালছে। যদিও এই সত্যিটা মেনে নিতে পারছে না দিদি নিশা। ঋষির প্রতি তার ক্ষোভ আরও বেড়েছে আর সেই ক্ষোভ থেকেই ভবিষ্যতে বড় কোনও প্রতিশোধের ইঙ্গিতও মিলছে গল্পে।
আরও পড়ুনঃ একসঙ্গে সিংহাসন দখল! টিআরপি তালিকায় যুগ্মভাবে শীর্ষে ‘পরিণীতা’ ও ‘পরশুরাম’—অবশেষে প্রথম পাঁচে নিজের জায়গা করে নিলো ‘জোয়ার ভাঁটা’! ‘বিদ্যা ব্যানার্জি’ আর ‘ও মোর দরদিয়া’-র স্থান কোথায়?
এরই মধ্যে উজি ও ঋষির সম্পর্ক নতুন দিকে মোড় নিচ্ছে। এদিকে গল্পে নতুন রহস্যের ইঙ্গিত মিলছে উজির ননদের হাত ধরে। সে জানতে পেরে গেছে নিশা ও উজির আসল পরিচয়, আর সেই গোপন সত্য ফাঁস করার সিদ্ধান্ত নিতেও পিছপা নয়। ফলে প্রশ্ন উঠছে, সত্যিই কি উজি ও ঋষির সম্পর্ক এবার শেষ? নাকি এটি শুধু গল্পের আরও একটি নাটকীয় মোড়? নিশার প্রতিশোধই বা কোন পথে যাবে? এই সব প্রশ্নের উত্তর মিলবে ‘জোয়ার ভাঁটা’র আগামী পর্বগুলিতে।
