প্রায় এক বছরের সফর শেষে শেষ হয়ে গেল স্টার জলসার ধারাবাহিক ‘কম্পাস’-এর শুটিং। ধারাবাহিকটি শেষ হওয়ার খবর আগেই সামনে এসেছিল। এবার শেষ দিনের শুটিংও সম্পূর্ণ হল। দীর্ঘদিন একসঙ্গে কাজ করার পর বিদায়ের মুহূর্তে স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে টেকনিশিয়ানরা। শেষ দিনের ফ্লোরে সেই আবেগের ছবিই ধরা পড়েছে।
পর্দার ‘কম্পাস’ অর্থাৎ পর্ণা চক্রবর্তী এবং ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র অন্বেষা রায় মুখোপাধ্যায়ও এদিন আবেগ সামলাতে পারেননি। শুটিংয়ের মাঝেই একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন তাঁরা। দীর্ঘদিনের কাজের সূত্রে তৈরি হওয়া সম্পর্ক, একসঙ্গে আড্ডা, হাসি-ঠাট্টা, খাওয়াদাওয়া এবং স্ক্রিপ্ট পড়ার মতো প্রতিদিনের অভ্যাস শেষ হয়ে যাওয়ায় সকলেরই মন খারাপ হয়ে যায়।
শেষ দিনের শুটিংয়ে হাজির ছিলেন ধারাবাহিকের অনুরাগীরাও। আলিপুরদুয়ার থেকে আসা এক অনুরাগীকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী অন্বেষা। নিজের সেই ভক্তকে জড়িয়ে ধরে কাঁদতেও দেখা যায় তাঁকে। সেই মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে শেয়ার করে অন্বেষা জানান, শেষ দিনের শুটিংয়ে এত দূর থেকে এসে ভক্তের এই ভালোবাসা তাঁর জীবনের অন্যতম বড় পাওনা।
এদিকে শেষ দিনের ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে আসতেই মন খারাপ হয়েছে দর্শকদেরও। প্রিয় চরিত্রদের আর প্রতিদিন নির্দিষ্ট সময়ে পর্দায় দেখা যাবে না, এই ভাবনাতেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনেক অনুরাগী। তবে ধারাবাহিকের সফর শেষ হলেও পর্ণা, অন্বেষা এবং টিমের সদস্যদের মধ্যে তৈরি হওয়া বন্ধুত্ব ও সুন্দর স্মৃতিগুলি থেকে যাবে বলেই মনে করছেন তাঁরা।
আরও পড়ুনঃ পুলিশগিরি করতে ব্যস্ত উজি! অন্যদিকে ঋষির জীবনে আগমন তৃতীয় নারীর! বোনের সংসার বাঁচাতে কি পারবে নিশা? নাকি ফের ধা’ক্কা খাবে উজি?
বিদায়ের দিনে সেটে কেক কাটা থেকে শুরু করে ছবি তোলা, সেলফি এবং গ্রুপফি, সবই হয়েছে। দীর্ঘ পথচলার শেষ মুহূর্তকে নিজেদের মতো করে স্মরণীয় করে রেখেছেন কলাকুশলীরা। জানা গিয়েছে, আগামী ২৯ আগস্ট, শনিবার শেষবারের মতো টেলিভিশনের পর্দায় দেখা যাবে ‘কম্পাস’। এরপর ৩০ আগস্ট থেকে সেই জায়গায় শুরু হবে ‘বিগ বস বাংলা’র সম্প্রচার।
