জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

১৮ বছর পর ফের এক ফ্রেমে, ‘প্রেম আমার’-এর নস্টালজিয়া উস্কে বড় পর্দায় ফিরছে টলিপাড়ার এই হিট জুটি? প্রকাশ্যে ছবির প্রথম ঝলক, সোহমের বিপরীতে পায়েল? মুক্তি পাচ্ছে কবে?

বর্তমান সময়ে যোগাযোগের মাধ্যমের অভাব নেই, তবু অনেক সময় কাছের মানুষটিকেই মনের কথা বলা হয়ে ওঠে না। ভালবাসা, বন্ধুত্ব, স্বপ্ন এবং সম্পর্কের নানা টানাপোড়েনের মধ্যে হারিয়ে যায় অনেক না বলা অনুভূতি। এমনই এক অসম্পূর্ণ ভালবাসার গল্প নিয়ে আসছে পরিচালক রন রাজের নতুন বাংলা ছবি ‘সে তো আজও বোঝে না’। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে সোহম চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, দেবাশীষ মন্ডল এবং বিবৃতি চ্যাটার্জিকে। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জিৎ গাঙ্গুলি।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবিটির ফার্স্ট লুক। সেখানে একটি লাল গোলাপকে ঘিরে ফুটে উঠেছে না বলা ভালবাসার ইঙ্গিত। কখনও গোলাপটি আড়ালে রাখা, আবার কখনও দুই হাতে আগলে রাখার দৃশ্য ছবির মূল ভাবনাকে সামনে এনেছে। পোস্টারে কেন্দ্রীয় চরিত্রের চোখে দেখা যাচ্ছে ভালবাসা, অভিমান এবং অপেক্ষার ছাপ। সেই সঙ্গে রয়েছে এমন এক কষ্ট, যা বহুদিন মনের মধ্যে জমে থেকেও প্রকাশের সুযোগ পায়নি।

ছবির গল্পের কেন্দ্রে রয়েছে মৈনাক। সাধারণ পরিবার থেকে উঠে আসা এই যুবকের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই মানুষ মেঘলা এবং জাহির। বন্ধুত্বের সম্পর্কের মধ্যেই মেঘলার প্রতি মৈনাকের মনে তৈরি হয় ভালবাসা। কিন্তু নিজের অনুভূতির কথা তাকে বলতে পারে না সে। সময়ের সঙ্গে বদলে যায় পরিস্থিতি, দূরত্ব তৈরি হয় সম্পর্কের মধ্যে। নিজের কষ্টকে শক্তিতে পরিণত করে মৈনাক সাফল্য পেলেও মেঘলাকে ঘিরে তার মনের অসম্পূর্ণতা থেকেই যায়।

বহু বছর পর আবার মৈনাক, মেঘলা এবং জাহিরের জীবনের পথ এক জায়গায় এসে মেশে। তখন সামনে আসে সম্পর্ক এবং সময়কে ঘিরে বেশ কিছু প্রশ্ন। জীবনে অর্থ, পরিচিতি এবং সাফল্য পাওয়ার পরেও কি হারিয়ে যাওয়া সময়কে ফিরে পাওয়া সম্ভব? নাকি কিছু মানুষ আমাদের জীবন থেকে দূরে চলে গেলেও তাদের স্মৃতি এবং ভালবাসা মনের মধ্যে থেকে যায়? এই প্রশ্নগুলির পাশাপাশি ছবিতে বন্ধুত্ব, প্রতিশ্রুতি এবং নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে।

রন রাজ ছবিটির মূল ভাবনা ও পরিচালনার দায়িত্বে রয়েছেন। মুকেশ পান্ডের প্রযোজনায় ‘পান্ডে মোশান পিকচার’-এর ব্যানারে তৈরি হয়েছে ছবিটি। সহপ্রযোজনায় রয়েছেন ‘ল্যানর্টান ফিল্মস’-এর সৌমীক ব্যানার্জী, অনুসূয়া বাভেজা এবং শরভ চ্যাটার্জী। ছবির কার্যনির্বাহী প্রযোজক দেবার্ঘ্য মুখার্জি। নির্মাতাদের তরফে জানানো হয়েছে, আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সোহম চক্রবর্তী এবং প্রিয়াঙ্কা সরকার অভিনীত ‘সে তো আজও বোঝে না’।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page