নবদ্বীপের সামনে ফের বড়সড় বিপদের আশঙ্কা। আর সেই বিপদের সূত্রপাত হতে চলেছে গোরার একটি সিদ্ধান্ত থেকে। রাখি উপলক্ষ্যে নিজের বোনকে কথা দিতে গিয়ে অজান্তেই কী প্রতিশ্রুতি দিয়ে ফেলল সে? তার সেই কথার জেরেই কি নতুন বিপদের মুখে পড়বে নবদ্বীপ? ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকে এমনই টানটান পরিস্থিতি তৈরি হতে চলেছে।
সম্প্রতি চ্যানেলের তরফে প্রকাশ্যে আনা হয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, রাখির বিশেষ দিনে গোরার কাছে একটি আবদার করছে তার বোন। বোনের কথা শুনে কিছু না ভেবেই তার মাথায় হাত রেখে কথা দেয় গোরা। সে জানায়, বোনকে যে কথা দিয়েছে, তা সে অবশ্যই রাখবে। কিন্তু গোরার এই প্রতিশ্রুতি শুনেই চিন্তায় পড়ে যায় দিতি।
স্বামীকে এভাবে কথা দিতে দেখে দিতি তাকে প্রশ্ন করে, কেন সে এমন করল? তার আশঙ্কা, গোরার এই প্রতিশ্রুতির কারণেই বড় বিপদ ডেকে আসতে পারে নবদ্বীপে। তবে গোরার বোন ঠিক কী চেয়েছে এবং গোরা তাকে কী প্রতিশ্রুতি দিয়েছে, তা এখনও স্পষ্ট করে দেখানো হয়নি। ফলে তার কথার সঙ্গে নবদ্বীপের বিপদের সম্পর্ক কোথায়, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।
অন্যদিকে প্রোমোতে খলনায়কের মুখেও শোনা যায় বড় হুমকির কথা। সে জানিয়ে দেয়, গোরার কারণেই এবার নবদ্বীপের বিপদ আর কেউ আটকাতে পারবে না। তবে দিতি স্বামীর পাশে দাঁড়িয়ে স্পষ্ট করে দেয়, গোরা ভুল করে বা না জেনে কোনও কথা দিয়েও থাকুক, সে নবদ্বীপের কোনও ক্ষতি হতে দেবে না। ফলে আসন্ন পর্বে দিতির সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
আরও পড়ুনঃ ‘প্রতি বছর রাখীর অপেক্ষায় থাকত ভাই, এবারও জেদ করেছিল দিদির হাত থেকে রাখী পরবে’ কাঁদতে কাঁদতে একমাত্র ভাইকে হারানোর শেষ স্মৃতি বললেন ইন্দ্রাণী হালদার!
রাখি উপলক্ষ্যে এই বিশেষ পর্বটি সম্প্রচারিত হবে রবিবার, ৩০ আগস্ট। ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকটি জি বাংলার পর্দায় প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে দেখা যায়। ধারাবাহিকের মুখ্য ভূমিকায় রয়েছেন পল্লবী শর্মা এবং বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। গোরার দেওয়া প্রতিশ্রুতির পর শেষ পর্যন্ত নবদ্বীপ কীভাবে এই বিপদ সামলায়, এখন সেটাই দেখার।
