ভাজাভুজির বিকল্প এবার ভাপা! নিরামিষের দিনে চেটেপুটে খাওয়ার জন্য বানিয়ে ফেলুন বেগুনের নয়া রেসিপি

গরম ভাতের সঙ্গে সোনা মুগের ডাল ও বেগুন ভাজার জুটি চিরন্তন। তবে শরীরের জন্য ভাজাভুজি খাওয়া একেবারে বারণ! অন্যান্য দিন মাছ, মাংস ডিম হলে চলে যায়। সমস্যা হয় নিরামিষের দিনগুলি। একে নিরামিষ মুখে রোচে না। তার উপর হাজারো নিয়ম নির্দেশ। শরীরের কথা মাথায় রেখে ভাজার বিকল্প হতে পারে ভাপা। তেল-মশলার ব্যবহার অল্প আর ভাতের সঙ্গে খেতেও দারুণ লাগে। রইলো প্রণালী।

উপকরণ: ২টি বেগুন, ২ টেবিল চামচ কালো সর্ষে, ২ টেবিল চামচ রাই সর্ষে, ২ টেবিল চামচ পোস্ত, ২-৩টি কাঁচালঙ্কা, স্বাদ অনুযায়ী নুন, সামান্য গুঁড়ো লঙ্কা, সামান্য হলুদ গুঁড়ো, ১ টেবিল চামচ সর্ষের তেল, অল্প কুরানো নারকেল

প্রণালী: প্রথমে বেগুন কেটে নিন। বেগুনি ভাজার জন্য পাতলা করে বেগুন কেটে নিন। খেয়াল রাখবেন খুব বেশি পাতলা যেন না হয়। এরপর সর্ষে, পোস্ত, কাঁচালঙ্কা এবং সামান্য নুন শিলে বেটে নিন। মিহি করে বাটলে খেতে ভাল হবে। এবার একটি স্টিলের টিফিন বাক্সতে সর্ষে-পোস্ত বাটা, আরও একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এবং সামান্য জল দিয়ে মিশ্রণ তৈরি করুন।

এবার কেটে রাখা বেগুনগুলোর দু’পিঠে মিশ্রণটি ভাল করে মাখিয়ে উপর থেকে সর্ষের তেল, চেরা কাঁচালঙ্কা ও কড়ানো নারকেল দিয়ে বাক্সের মুখ বন্ধ করে দিন। এবার কড়াইতে জল ফুটতে দিন। তারমধ্যে বসিয়ে দিন স্টিলের টিফিন বাক্স। পুরো রান্নাটা হবে ভাপে। বাক্সের মধ্যে ভারী কিছু বসিয়ে দিতে পারলে আরও ভাল হয়।

মিনিট দশেক রেখে গ্যাস বন্ধ করে দিন। বন্ধ অবস্থায় গ্যাসের উপর রেখে কিছুক্ষণ অপেক্ষা করুন। পরিবেশন করার আগে একবার গরম করে নিলেই হবে।

Piya Chanda

                 

You cannot copy content of this page