‘বিগ বস বাংলা’র ঘরে এবার সোনামণি সাহার বিয়ে নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। জন্মাষ্টমীর বিশেষ আয়োজনের সময় রান্নাঘরে দুর্নিবার সাহা, সৃজলা গুহ এবং সোনামণি সাহা একসঙ্গে ছিলেন। পায়েস তৈরি করতে করতে দুর্নিবার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলছিলেন। স্ত্রী মোহরের সঙ্গে তাঁর চার বছরের সম্পর্ক এবং তিন বছরের দাম্পত্য জীবন নিয়ে কথা ওঠে। তাঁদের একটি সন্তানও রয়েছে বলে জানান দুর্নিবার।
এই কথোপকথনের মাঝেই সোনামণি জানান, তাঁর পরিচিত এমন একজন পুরুষ রয়েছেন, যাঁর ভাবনাচিন্তাও অনেকটা দুর্নিবারের মতো। সেই বিশেষ মানুষটির নাম জানতে চাওয়া হলে অবশ্য সরাসরি কিছু বলেননি অভিনেত্রী। সোনামণির লাজুক আচরণ দেখে বিষয়টি বুঝে ফেলেন সৃজলা। এরপরই তিনি সোজাসুজি সোনামণিকে প্রশ্ন করেন, কবে বিয়ে করছেন তিনি। তখন আর বিষয়টি এড়িয়ে যাননি সোনামণি।
সৃজলার প্রশ্নের উত্তরে সোনামণি জানান, চলতি বছরেই তাঁর বিয়ের পরিকল্পনা রয়েছে। এমনকী সৃজলা বিয়েতে নিমন্ত্রণের কথা বললে তাতেও সম্মতি জানান অভিনেত্রী। সোনামণির এই কথার পরেই স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। কারণ দীর্ঘদিন ধরেই অভিনেতা প্রতীক সেনের সঙ্গে সোনামণির সম্পর্ক নিয়ে টলিপাড়ায় নানা আলোচনা রয়েছে।
প্রতীক সেন এবং সোনামণি সাহার জুটিকে দর্শকরা পর্দায় বেশ পছন্দ করেন। তাঁদের একসঙ্গে নানা মুহূর্ত নিয়েও মাঝেমধ্যেই চর্চা হয়। যদিও সোনামণি এবারও সরাসরি পাত্রের নাম জানাননি, তাঁর কথার পর সেই পুরনো জল্পনাই নতুন করে সামনে এসেছে। ফলে অনেকেরই প্রশ্ন, সোনামণি যে বিশেষ পুরুষের কথা বললেন, তিনি কি প্রতীক সেন?
আরও পড়ুনঃ বিগ বসে অনিশ্চিত শন ব্যানার্জির এন্ট্রি! কী কারণে পিছিয়ে গেল তাঁর বিগ বসের পরিকল্পনা? শেষমেশ তাঁর জায়গা দখল করতেই এবার ঘরে আসছেন জনপ্রিয় এই অভিনেতা! জানেন কে তিনি?
সোনামণির বক্তব্য ঘিরে এখন নেটপাড়ায় শুরু হয়েছে নতুন আলোচনা। চলতি বছরেই বিয়ের পরিকল্পনার কথা অভিনেত্রী নিজে জানিয়েছেন। তবে বিয়ের পাত্রের নাম নিয়ে তিনি কোনও স্পষ্ট ঘোষণা করেননি। তাই প্রতীক সেনের সঙ্গে তাঁর বিয়ে হবে কি না, সেই উত্তর আপাতত অজানাই। আগামী দিনে সোনামণি নিজেই এই বিষয়ে কী জানান, সেদিকেই নজর অনুরাগীদের।
